ইসলামপুরে উপজেলা বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, উত্তেজনা বাড়ছে দলীয় রাজনীতিতে

মোঃ মনির হোসেন ইসলামপুর (জামালপুর):জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপিতে দুই গ্রুপের বিরোধ তীব্র আকার ধারণ করেছে। উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও দলীয় মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু গ্রুপ এবং মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ গ্রুপের মধ্যকার উত্তেজনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার পৃথক স্থানে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ফরহাদপন্থী নেতারা অভিযোগ করেন, বুধবার সকালে মলমগঞ্জ বাজার এলাকায় বাবু-সমর্থিত কর্মীরা তাদের চার নেতাকর্মীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত শুভকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
ফরহাদ গ্রুপের দাবি, উৎপেতে থেকে পরিকল্পিত হামলা’ চালানো হয়েছে। তারা আরও বলেন, অনলাইন মাধ্যমগুলোতে দুই পক্ষের সংঘর্ষের খবর প্রচার করা হলেও তা ‘সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক।

অন্যদিকে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাবু গ্রুপের পক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব এসব অভিযোগকে ‘সাজানো নাটক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ঘটনার দিন এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছিল, যা দুঃখজনক। কিন্তু এটিকে রাজনৈতিক রঙচঙে করে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আমাদের নেতাকর্মীরা কোনো ধরনের পরিকল্পিত হামলায় জড়িত নয়।
তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ নিজেদের অন্তর্দ্বন্দ্ব আড়াল করতে এবং রাজনৈতিক সুবিধা নিতেই এসব ভিত্তিহীন অভিযোগ করছে। বিএনপির সাংগঠনিক ঐক্য নষ্ট করার অপচেষ্টা হিসেবেও তিনি এসব অভিযোগকে তুলে ধরেন।

দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও অবস্থান ইসলামপুরে রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ নেতাকর্মী ও স্থানীয় রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

পূর্বের খবরকুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালিত করলে সমাজে শান্তি আসবে : এনসিপি নেতা এড.মাহবুব
পরবর্তি খবরইসলামপুর আসনে এ.এস.এম আব্দুল হালিমকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে মানববন্ধন